স্বেচ্ছাসেবক হতে আবেদন করুন ডাউনলোড
নলকূপ খনন করতে গিয়ে গ্যাসের সন্ধান জ্বলছে আগুন
নলকূপ খনন করতে গিয়ে গ্যাসের সন্ধান জ্বলছে আগুন

কক্সবাজারের উখিয়ার ইনানী পর্যটন এলাকায় নলকূপ স্থাপন করতে গিয়ে মাটির ভেতর থেকে আগুনের কুণ্ডলী ও গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর এলজিইডি রোডের ছোট সেতুসংলগ্ন এলাকায় নলকূপের জন্য মাটি খোঁড়ার সময় এই ঘটনা ঘটে।

মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
উখিয়া ফায়ার স্টেশন অফিসার সাইদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে দীর্ঘক্ষণ ধরে আগুন জ্বলছে এবং মাটির নিচের গ্যাসের চাপের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
হঠাৎ আগুনের প্রবাহ বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন দ্রুত নিরাপদে সরে যান। এছাড়া আগুন জ্বলতে থাকায় ওই স্থান সংলগ্ন বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ৩৩ কেভি লাইনের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রেখেছে।