এইচএসসি’র ফল নিয়ে নতুন সিদ্ধান্ত। প্রকাশের পরিবর্তিত সময় আগামী ৩১ অক্টোবর

কয়েক দফা জলঘোলার পর অবসান হলো দীর্ঘ প্রতিক্ষার। অবশেষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও সেই তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২৯ অক্টোবর ফল প্রকাশ হচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ অক্টোবর রাতে দেশে ফিরবেন। এরপর তার সম্মতি নিয়ে ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হবে ফল প্রকাশের অনুষ্ঠান। এর আগে, ২৬ অক্টোবর (সোমবার) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে আসে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ফল প্রকাশের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করতে না পারায় বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানায় মন্ত্রণালয় ও বোর্ড সংশ্লিষ্ট সূত্র।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের তথ্য জানানো হয়। এর আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেই অনুযায়ী ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়।
এ বছর দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবার এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। মোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।



