সাদুল্লাপুরে শিক্ষিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
স্কুল শিক্ষিকার আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর মামলায় সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রবিউল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এ আদেশ দেন গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাবুর রহমান।
এর আগে এক স্কুল শিক্ষিকার আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ চার আসামি মঙ্গলবার সকালে আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে চেয়ারম্যানসহ দুই আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। অপর দুই আসামির মামলার পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। কারাগারে পাঠানো অন্য আসামি হলেন- উপজেলার রসুলপুর ইউনিয়নের চক নারয়ন গ্রামের আলমগীর আকন্দের ছেলে মো. সালেহীন আকন্দ। জামিন প্রাপ্ত অপর দুই আসামিরা হলেন শ্রী প্রদীপ কুমার ও রবিউল আকন্দ।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজওয়ান সরকার জানান, উপজেলার রসুলপুর ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার আপত্তিকর ছবি ও ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সাদুল্লাপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
এজাহারে বাদী অভিযোগ করেন, এর আগে ওই শিক্ষিকা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুই জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেছিলেন। ওই মামলা দায়েরের পর থেকে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়।
অভিযোগে আরও বলা হয়, সালেহীন আকন্দ ভুক্তভোগী নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন। যার সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম জড়িত আছেন।



