এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারিতে বাংলাদেশের স্বর্ণজয়

২০২৬ এশিয়া কাপ-ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারি টুর্নামেন্ট, লেগ-২-এ দুর্দান্ত পারফরম্যান্সে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ কম্পাউন্ড নারী দল। ইরাকের সুলায়মানিয়ায় অনুষ্ঠিত স্বর্ণপদকের লড়াইয়ে কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টে পরাজিত করে এই গৌরবময় সাফল্য অর্জন করেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশকে এই সাফল্য এনে দিয়েছেন তিন প্রতিভাবান আর্চার বন্যা আক্তার, মোসা. কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস। ফাইনাল ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ও ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করে বাংলার মেয়েরা। ৪টি এন্ডে যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ দলের মোট স্কোর দাঁড়ায় ২৩০।
অন্যদিকে, কাজাখস্তান দল চারটি এন্ডে যথাক্রমে ৫৫, ৫২, ৫৬ ও ৫৭ পয়েন্ট অর্জন করে মোট ২২০ স্কোর করে। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের নারী আর্চাররা। এক বিজ্ঞপ্তিতে এই অর্জনকে দেশের আর্চারির অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে অবিহিত করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। এই জয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আর্চারদের দক্ষতা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক সক্ষমতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।



