স্বেচ্ছাসেবক হতে আবেদন করুন ডাউনলোড
মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু আগামী ৩১ অক্টোবর
মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু আগামী ৩১ অক্টোবর

সরকারের দীর্ঘ কূটনৈতিক তৎপরতায় মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে। ইতোমধ্যে এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দেশটিতে কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর শুরু হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এই পরীক্ষা শুরু হবে। আজ (বুধবার) সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা খুব শীঘ্রই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকাভুক্ত এসব কেন্দ্রের বিষয়ে খোঁজখবর রাখার অনুরোধ জানানো হয়েছে। কোনো মেডিকেল সেন্টার সরকারি নির্দেশনা পরিপালনে ব্যর্থ হলে তাৎক্ষণিকভাবে তালিকা থেকে বাদ দেয়া হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩১ অক্টোবরের আগে করা কোনো মেডিকেল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য তা প্রক্রিয়াকরণ করা হবে না। কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কর্মীদের মেডিকেল পরীক্ষা করাতে পারবে না।

অন্যদিকে, কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমোদন ছাড়া মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেয়ার চেষ্টা করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে। এ ধরনের প্রস্তাবে সাড়া না দেয়ার এবং অনুমোদন নিশ্চিত না হয়ে কারো কাছে পাসপোর্ট বা টাকা জমা না দেয়ার জন্য কর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র এবং ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে। তবে, নির্দেশ অমান্যকারী মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। এর মধ্যে অমান্যকারী মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল করা হতে পারে।