ফুলছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফুলছড়ি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ, বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম রাজা, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ, ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী মন্ডল, উদাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাবিল উদ্দিন এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হকসহ সভায় উপস্থিত অন্যান্য সদস্য।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।
এ ছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার বিষয়টি সভায় আলোচনায় আসে। তথ্য অধিকার আইনের বিধান অনুসারে আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেয়া হয়। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।



