ইরাকে বাংলাদেশের জয়জয়কার । ফাইনালে রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দল

ইরাকের মাটিতে এশিয়া কাপ আর্চারিতে দারুণ নৈপুণ্য দেখাচ্ছে বাংলাদেশ। দুর্দান্ত আর ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দল। এর ফলে টুর্নামেন্ট থেকে অন্তত দুটি রৌপ্য পদক নিশ্চিত হওয়ার পাশাপাশি এখন জোড়া স্বর্ণ জয়ের হাতছানি লাল-সবুজ প্রতিনিধিদের সামনে।
সেমিফাইনালে প্রতিপক্ষ উজবেকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশের রিকার্ভ পুরুষ দল। ৬-০ সেটের সরাসরি জয়ে তারা নিশ্চিত করে স্বর্ণপদকের লড়াই। আগামী ২৮ অক্টোবর শিরোপা নির্ধারণী ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী কাজাখস্তান।
অন্যদিকে, কম্পাউন্ড নারী দলও দেখিয়েছে নিজেদের দাপট। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও মেসাম্মৎ কুলসুম আক্তার মনি। আগামী ২৯ অক্টোবর স্বর্ণ জয়ের লক্ষ্যে কাজাখস্তানের বিপক্ষেই মাঠে নামবেন তারা।


